মাইলস্টোন ট্র্যাজেডি

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৬:২৩ পিএম
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা এই আবেদন বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম খারিজ করেন।

আদালত জানান, মামলাটি গ্রহণ করার মতো পর্যাপ্ত আইনগত উপাদান পাওয়া যায়নি। এর আগে সকালে নিহত শিক্ষার্থীর বাবা উসাইমং মারমা আদালতে এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে সিদ্ধান্ত জানানোর জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। বিকেলে চূড়ান্ত আদেশে আবেদনটি খারিজ করা হয়।

এই ঘটনায় আদালতে করা আবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান এফ ৭ বিজিআই উড্ডয়নের পর নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে বিধ্বস্ত হয়। এতে বড় ধরনের প্রাণহানি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আবেদনে ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, তিনজন অভিভাবক এবং একজন পরিচালকসহ মোট ৩৫ জনের মৃত্যু এবং ১৭২ জন আহত হওয়ার দাবি করা হয়।

আবেদনকারীর পক্ষ থেকে আরও বলা হয়, স্কুল ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা এবং নির্মাণগত ত্রুটির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এতে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই অনেকে মারা যান বলেও দাবি করা হয়।

মামলায় সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ১৬ জনকে আসামি করার আবেদন করা হয়েছিল। পাশাপাশি বিমানবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, রাজউক কর্মকর্তাসহ স্কুল কর্তৃপক্ষের কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলা ও সিদ্ধান্তজনিত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে এবং উদ্ধার কার্যক্রমেও ঘাটতি ছিল। তবে আদালত আইনগত ভিত্তি না থাকায় আবেদনটি গ্রহণ না করার সিদ্ধান্ত দেয়।

মামলার আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের প্রসেস সার্ভার শাহাদাত হোসেন। এর আগে বাদীর পক্ষে আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এই রায়কে ঘিরে আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এত বড় একটি দুর্ঘটনার ঘটনায় দায় নির্ধারণের আইনি ভিত্তি ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

আপনার জেলার সংবাদ পড়তে