কৃষককে বাঁচাতে খাল খননের বিকল্প নেই: হুইপ নিজান

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:০৩ পিএম
কৃষককে বাঁচাতে খাল খননের বিকল্প নেই: হুইপ নিজান

জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, কৃষককে বাঁচাতে হলে খাল খনন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। খালগুলো পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে সারাদেশে নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করা হবে।  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলেকজান্ডার খাল (পৌরসভার অংশ) ১ হাজার ২০০ মিটির খাল পুনঃখনন কাজের উদ্বোধনী শেষে সফলতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নিজের দলের নেতাকর্মীদের সতর্ক করে হুইপ নিজান বলেন, আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে পালিয়েছে তা সবাই জানেন। আমি দুর্নীতি, লুটপাট বা ভাগাভাগিতে নেই। পতিত সরকারের সময় ইউএনও, ওসি ও সচিবদের দিয়ে জোরপূর্বক বক্তৃতা করানো হতো, জয় বাংলা বলানো হতো। আমরা এমনটি হতে দেব না। আমরা প্রশাসনের কর্মকর্তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই।

খাল পুনঃখনন কাজটি যেন সঠিকভাবে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সেই বিষয়ে স্থানীয়দের সজাগ থেকে তদারকি করার নির্দেশ দেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকায় কন্ট্রাক্টর বাড়ীর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, রামগতি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফি উল্যাাহ উপস্থিত ছিলেন।

পরে হুইপ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় পর্যায়ে) প্রকল্পের আওতায় উপজেলার ইলিশ অভয়াশ্রম এলাকায় দুই মাস মৎস্য আহরণ ও নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১ হাজার ৫০০ জন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া একই অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে