লক্ষ্ণীপুরে বজ্রপাতে প্রাণ গেল কিশোরীর

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:৩৫ পিএম
লক্ষ্ণীপুরে বজ্রপাতে প্রাণ গেল কিশোরীর

লক্ষ্ণীপুরে বজ্রপাতে লিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  কমলনগরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাতদরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ির ইউছুফ আলী খোকনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ক্ষেতে পরিবারের সদস্যরা সয়াবিন কাটার কাজ করছিলেন। এ সময় লিমা তাদের দেখতে গিয়ে ক্ষেতে বসে ছিল। দুপুরের দিকে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, লিমা একজন কোরআনের হাফেজা ছিলেন। শান্ত-ভদ্র স্বভাবের এই কিশোরীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতে একটি সম্ভাবনাময় জীবন ঝরে গেল। তারা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা এবং আবহাওয়া সতর্কতা মেনে চলার আহ্বান জানান। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে