অনলাইন জুয়া বন্ধ করে যুব সমাজকে রক্ষা করুন: ইসলামী আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন জুয়া বন্ধ করে যুব সমাজকে রক্ষা করুন: ইসলামী আন্দোলন

অনলাই জুয়া বন্ধ করে যুব সমাজকে ভয়াবহতার হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদার। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অনলাইন জুয়া, গেমস ও অন্যান্য অশ্লিলতার করালগ্রাস থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে না পারলে দেশ ভয়াবহতার দিকে ধাবিত হবে। তারা বলেন, অনলাইন জুয়া প্রযুক্তির আড়ালে অপরাধ। স্মার্টফোন ও ইন্টারনেটের সুবাদে নীরবে বিস্তার লাভ করছে ভয়ংকর প্রবণতা অনলাইন জুয়া। একসময় জুয়া নির্দিষ্ট কিছু স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। ফলে খুব সহজেই, কোনো বাধা ছাড়াই, যে কেউ এই ফাঁদে পা দিতে পারে। নেতৃদ্বয় বলেন, শুধু শহরের অভিজাত শ্রেণি নয়, অনলাইন জুয়ার বিস্তার এখন ছুঁয়ে গেছে সমাজের প্রান্তিক জনগণের কাছে। ফুটপাতের চায়ের দোকান থেকে সেলুন, রাস্তার হকার থেকে বাস-ট্রাকের চালক-হেলপার, সিএনজিচালক, নির্মাণশ্রমিক, গৃহকর্মী কিংবা রিকশাচালকÑদিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর মাঝেও ঢুকে পড়েছে জুয়ার সংস্কৃতি। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে অনলাইন জুয়া ও মাদক বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনগণকে জুয়ার করালগ্রাস থেকে রক্ষা করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে