শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লক্ষ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করে মোট ৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বৃহস্পতিবার বিকেল ৫ টায় সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক কারবারি-গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫), পিতা মৃত সুব্রত বুনার্জী, সাং এলবিন টিলা এবং সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭), পিতা মৃত গোবিন্দ বুনার্জী, সাং রাজকি চা বাগান, থানা জুড়ি - এদেরকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে একটি চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ৭ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।