বাংলাদেশে সাংবাদিকতার পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে। বিশেষ করে অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের সহজলভ্যতা তথ্যপ্রবাহকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই প্রবাহের সঙ্গে সঙ্গে বেড়েছে ভুয়া খবর, বিভ্রান্তি এবং দায়িত্বহীন তথ্য প্রচারের ঝুঁকি। এ বাস্তবতায় সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন এখন সময়ের দাবি। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান সমপ্রতি জানিয়েছেন, সরকার সাংবাদিকতার মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দ্রুত নীতিমালা ও রেগুলেটরি কাঠামো তৈরি করছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও প্রত্যাশা এসেছে- সাংবাদিক হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড থাকা উচিত, যাতে মাঠপর্যায়ে প্রশাসন ও গণমাধ্যম উভয়ের কাজ সহজ হয়। নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে প্রথমেই গুরুত্ব দিতে হবে সাংবাদিকতার পেশাগত মানদণ্ডে। সাংবাদিক হতে হলে ন্যূনতম যোগ্যতা ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। এতে পেশায় প্রবেশের আগে একটি মানসিক প্রস্তুতি তৈরি হবে এবং দায়িত্বশীলতার মান বজায় থাকবে। একই সঙ্গে সাংবাদিকতার মূল ভিত্তি হলো তথ্য যাচাই ও সূত্রের প্রতি দায়বদ্ধতা। তাই আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে- কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করা, সূত্রের প্রতি সম্মান দেখানো এবং নৈতিকতার মান বজায় রাখা। ডিজিটাল যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভুয়া খবর ও বিভ্রান্তি। অনলাইন প্ল্যাটফর্মে খুব সহজেই সংবাদ প্রচার করা যায়, কিন্তু এর মধ্যে অনেক সময় গুজব ছড়িয়ে পড়ে। তাই ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভুয়া খবর শনাক্ত ও প্রতিরোধে প্রযুক্তি ব্যবহার, ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মকে শক্তিশালী করা এবং আইনগত কাঠামো তৈরি করা জরুরি। তবে এ নিয়ন্ত্রণ যেন সাংবাদিকদের স্বাধীনতাকে খর্ব না করে, বরং দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করে। সাংবাদিকতার নীতিমালা প্রণয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা যদি রাজনৈতিক চাপ বা ভয়ভীতি ছাড়াই কাজ করতে না পারেন, তবে কোনো নীতিমালাই কার্যকর হবে না। তাই নীতিমালা তৈরির সময় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় আইনগত সুরক্ষা দিতে হবে। আমরা মনে করি, সাংবাদিকতার জন্য নীতিমালা প্রণয়ন একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে এর প্রয়োগে ভারসাম্য বজায় রাখতে হবে- যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন, আবার একই সঙ্গে দায়িত্বশীল থাকেন। তথ্যপ্রবাহের যুগে সঠিক ও নির্ভরযোগ্য সাংবাদিকতা নিশ্চিত করাই হবে গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষার মূল চাবিকাঠি।