লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার সরঞ্জাম জব্দ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৮ মে, ২০২৬, ০৪:৩৬ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৪:৩৬ পিএম
লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার সরঞ্জাম জব্দ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  শুক্রবার (৮ মে) সকাল ৭:০০ থেকে নৌপুলিশকে সঙ্গে নিয়ে ডহুরী খাল এবং খিদিরপাড়া-নরসিংহপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫টি বলগেট ও একটি ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযন সূত্রে জানা যায়, ডহুরী খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু বহনে ব্যবহৃত ৫টি বলগেট আটক করা হয়। আটককৃত বলগেটগুলো হলো- এমবি মান্নান-১, এমবি মদিনা মনস, আলহাজ এ রহমান, অসধফব ঞড়ঢ়-২ এবং এমবি সরকার এন্টারপ্রাইজ। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বলগেটগুলোর চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলো টঙ্গীবাড়ী সীমান্ত এলাকায় ভিড়িয়ে রেখে পালিয়ে যায়। পরে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সহায়তায় বলগেটগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

এদিকে একই দিনে খিদিরপাড়া-নরসিংহপুর এলাকায় প্রায় ৪ একর জমিতে পকেট কেটে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে প্রশাসন ড্রেজার মেশিন চালু অবস্থায় পেলেও অভিযুক্ত ৪ থেকে ৫ জন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ড্রেজারসহ আনুষঙ্গিক সব যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। এ সময় নৌপুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি (মিতু)  বলেন- যেহেতু বাল্কহেড গুলো সদর উপজেলার পঞ্চসার হয়ে তালতলা (সিরাজদিখান), বালিগাও (টংগিবাড়ী) এবং ডহুরী (লৌহজং) হয়ে বের হয়ে যায়। সুতরাং এককভাবে এক উপজেলার পক্ষে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কষ্টসাধ্য। যেহেতু ৪ উপজেলায় বিদ্যমান তাই জেলার সমন্বয় সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়ে আসলে ফলপ্রসূ হবে।   এছাড়া নৌপুলিশকে তাদের স্বাভাবিক টহল অব্যাহত রাখার জন্য বলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে