রাজশাহীর তানোরে ২৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ তানোর চৌবাড়িয়া সড়কের কামারগাঁ ইউপির লবাতলা ব্রীজের উত্তর দিকে রাস্তার উপর থেকে তাদের ২জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এরা হলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তানোর পৌর এলাকার সমাসপুর মহল্লার গোলাপ ওরফে গোলাম রসুলের পুত্র ৭টি মাদক মামলার আসামী দেলোয়ার হোসেন (৩৬) কে ২০ পিস ইয়াবাসহ এবং কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামের আশরাফুল কারিগরের পুত্র সোহান কারিগর (২০) কে ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।