ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধাকে বিকশিত করার জন্য ও নিজেকে প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি।
শনিবার (৯ মে) সকালে রাজশাহী নগরের মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারা বিশ্বে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করছে। মসজিদে নামাজে যারা তেলাওয়াত করে তারাও আমাদের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করে।
মন্ত্রী বলেন, আমার দায়িত্ব হলো রাজশাহীর সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার উপরে থাকে আমি সেই কাজ করব। রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এটিই হবে প্রথম এবং এই প্রতিষ্ঠানে একটি ১১ তলা ভবন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট ওসমান গনি এবং মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।