সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে প্রবাসী যুবকের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ১১:৫৫ এএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর (২৭) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় সকালে রিয়াদ শহরের কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ জাহাঙ্গীর গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের বামুনখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আসাদ মিয়া। সে চার ভাই এর মধ্যে তৃতীয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তিনি। জাহাঙ্গীরের অকাল মৃত্যুর খবর প্রচার হলে বামুনখালী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধব কেউই মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। মা-বাবা, স্ত্রী-সন্তানরা বারবার মূর্ছা যাচ্ছেন। নিহতের বাবা আসাদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসারের হাল ধরতে বিদেশ গিয়েছিল ছেলেটা। লাশ হয়ে ফিরবে, এটা কি ভাবে মেনে নিবো। জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষ করে মরহুমের মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। মরদেহ দেশে 'পৌঁছালে বামুনখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আপনার জেলার সংবাদ পড়তে