ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে

নৌ ও সড়ক পরিবহণ ব্যবস্থায় সমন্বয়ের তাগিদ সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১০ মে, ২০২৬, ০২:৫৫ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০২:৫০ পিএম
নৌ ও সড়ক পরিবহণ ব্যবস্থায় সমন্বয়ের তাগিদ সেতুমন্ত্রীর

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১০ মে) রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ চলছে।

মন্ত্রী জানান, ঈদ মৌসুমে ঘরমুখো মানুষের চাপ সামলাতে সড়ক, নৌ ও রেলপথে সমন্বিত ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তিনি বলেন, “গত ঈদে সদরঘাটে ব্যবস্থাপনায় উন্নতি দেখা গেছে, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নৌ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।”

ঈদযাত্রাকে ঘিরে যাত্রী নিরাপত্তা ও সেবার মান বাড়াতে মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, যেকোনো ব্যবস্থার সফলতা নির্ভর করে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার ওপর।

নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বাংলাদেশে নৌপথ এখনও অন্যতম নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন মাধ্যম। তবে নদীর নাব্যতা কমে যাওয়া, চর জেগে ওঠা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নৌপথ সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতিতে আধুনিক নৌযান ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে পারলে নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।” একই সঙ্গে ঈদের আগে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সরকারি কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় যাত্রী চাপ মোকাবিলায় ঘাট, টার্মিনাল ও রুট ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। লক্ষ্য একটাই, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা।

ঈদকে সামনে রেখে দেশের পরিবহন খাতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, পরিকল্পনার পাশাপাশি মাঠপর্যায়ে কঠোর বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ।

আপনার জেলার সংবাদ পড়তে