চিলমারীতে সংযোগ রাস্তায় ব্রীজের ধস, জনভোগান্তি চরমে

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০২:৫৬ পিএম
চিলমারীতে সংযোগ রাস্তায় ব্রীজের ধস, জনভোগান্তি চরমে

চিলমারীতে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তদারকি এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কারনে ৬০ মিটার দীর্ঘ মাচাবান্দা এলাকার আকালুর ঘাট ব্রীজের   একাংশ ধ্বসে  গেছে।  মাচাবান্দাগামী অপর ব্রীজের  সংযোগ রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উপজেলা সদরের আসা যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে রাস্তা দুটি দিয়ে যান-বাহন  চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় যাতায়াতকারী সাধারন মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়,মিনা বাজার থেকে চিলমারী উপজেলা আকালুর ঘাট হয়ে শরীফেরহাট গামী  নতুন ব্রিজের সংযোগ রাস্তার  মাটি ধ্বসে হেরিং বোন বন্ড ভেঙ্গে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে  সাধারন মানুষের নিবিঘ্নে  যাতায়াত সহ যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ।  রাস্তাটিতে ধ্বস দেখা দেওয়ায় শরীফেরহাট  মিনা বাজার, পাত্রখাতা, কাশিমবাজার সহ বজরা এলাকার হাজারও মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা  দিয়েছে। থানাহাট ইউনিয়নের মাচাবান্দার অপর ব্রীজের সংযোগ রাস্তাটিও একই ভাবে ধ্বসে গেছে। চাকরিজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি থেকে শুরু করে স্কুলগামী সবাই এ রাস্তা দুইটি দিয়ে চলাচল করে। উপজেলা সদর সহ ব্যবসায়িক হাট হিসাবে খ্যাত জোড়গাছ হাটে নিত্যপণ্য দ্রব্য কেনা-বেচা করতে  রাস্তা দুইটি দিয়েই যাতায়াত করে।  আইডিয়াল স্কুলের শিক্ষক সুমন  বলেন  প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তা দিয়ে তাদের চলতে খুবই সমস্যা হয় ও প্রায়শঃই  গাড়ি দুর্ঘটনায় পড়তে হয়। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ব্রীজটি নির্মাণ ও সংযোগ রাস্তাটি পাকা করার সময় বিগত পতিত আওয়ামী সরকারের আমলে ব্যাপক অনিয়ম করা হয়েছে।   শরীফের হাট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী  সুলতানা বেগম জানান  মাটি ধসে যাওয়ায়  বৃষ্টিতে স্কুল যাতায়াত করার বড় কঠিন হয়ে পড়েছে,এমনকি রিকশা ভ্যান কোনোকিছুই যাতায়াত করতে পারছে না। এতে করে পড়া লেখার বিঘ্ন হচ্ছে।ওই এলাকার ইউপি সদস্য বলেন  অর্ন্তবর্তি সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী কাজটির শেষাংশে দায়িত্ব পেলেও তার কাজে ঠিকাদার প্রীতির কারনেই মান-সম্মত ভাবে কাজটি সম্পন্ন করা হয়নি। এলাকাবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তাটি অতি দ্রুত মেরামতে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ব্রীজের সংযোগ রাস্তাটি সম্পূর্ণ ভাবে বালি দিয়ে তৈরী হওয়ায় হেরিং বোন বন্ড রাস্তাটিতে ধ্বস দেখা দিয়েছে। তিনি রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে