স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, সারা দেশ থেকে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
রোববার (১০ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি।”
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। দলটির দাবি, বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “আগামী ঈদের আগেই আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।”
তিনি আরও জানান, শুধু এনসিপির নেতাকর্মী নয়, অন্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও চাইলে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। তার ভাষায়, “যারা মানুষের ওপর কখনো জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা অপরাধের সংশ্লিষ্টতা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে।”
ঘোষিত তালিকায় বিভিন্ন বিভাগের উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম রয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজের নাম ঘোষণা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসানকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন, ঘোড়াঘাটে আব্দুল মান্নান এবং হাকিমপুরে রায়হান কবির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরে মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলামকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগেও কয়েকটি গুরুত্বপূর্ণ উপজেলায় প্রার্থী দিয়েছে দলটি। কক্সবাজার সদর উপজেলায় শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদরে রশিদ, মতলব উত্তরে ইদ্রিস, হোমনা পৌরসভায় রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমিনুল হক এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌর মেয়র প্রার্থী রয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতা তুলে ধরতেই ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে নবগঠিত দলটি।