ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাফেজ মোঃ জয়নাল আবেদিন (৬৩) শুক্রবার বিকেলে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের কালীগঞ্জস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। উল্লেখ্য যে, তিনি বেশ কয়েকদিন যাবৎ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রিলিজ নিয়ে বাসায় আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও মেয়ের জামাতা, নাতী-নাতনী, আত্মীয় স্বজন, বন্ধ-বান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ হাজার হাজার গুণগ্রাহী রেখে যান। তাঁর বয়স মৃত্যুর সংবাদ সোস্যাল মিডিয়ার সুবাধে দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমকে শেষবারের মতো দেখতে বাসায় ভীড় জমান। শুক্রবার বাদ এশা কালীগঞ্জ বড় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় সাহেবজাদা হাফেজ মাওলানা মুফতী জোবায়ের আব্দুল্লাহ কাসেমী। পরে তাকে কালীগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে দ্রুত ছুটে যান দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল। জানাজায় দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মুসল্লি অংশ নেন।