পুকুরে আগাছা পরিষ্কার করতে গিয়ে সিএনজি চালকের মৃত্যু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ১১:৩৯ এএম
পুকুরে আগাছা পরিষ্কার করতে গিয়ে সিএনজি চালকের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে আগাছা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৮) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে ২০২৬) দুপুরে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। জীবিকার পাশাপাশি তিনি লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরটি মাছ চাষের উদ্দেশ্যে লিজ নিয়ে দেখাশোনা করতেন।

রোববার দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরের আগাছা পরিষ্কার করার সময় তিনি অসাবধানতাবশত পুকুরের মাঝখানে চলে যান। একপর্যায়ে পানিতে ডুবে গেলে পাশে থাকা স্বজনরা চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে তুলে দেখা যায়, তিনি ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান, শাকিল হোসেন ও রাকিব হোসেনসহ আশপাশের লোকজন উদ্ধার কাজে অংশ নেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম  জানান, মৃতের ভাই মো. আসকান আলীর লিখিত আবেদনের ভিত্তিতে লালপুর থানায় অপমৃত্যু মামলা  দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে