মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১১ মে, ২০২৬, ১২:৩৭ পিএম | প্রকাশ: ১১ মে, ২০২৬, ১২:৩৬ পিএম
মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের নাম যুক্ত করা হয়।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

গ্রেপ্তারের পর এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্য। পরে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করলে সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

আদালত সূত্র জানিয়েছে, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জেও একাধিক মামলা রয়েছে। তবে সোমবারের আদেশ শুধুমাত্র মিরপুর থানার নির্দিষ্ট মামলার ক্ষেত্রে প্রযোজ্য।

আপনার জেলার সংবাদ পড়তে