জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আদালত সূত্রে জানা গেছে, ফারজানা রুপাকে ছয় মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে দুজনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সংশ্লিষ্ট সব মামলায় জামিন না হওয়া পর্যন্ত তাদের মুক্তি মিলছে না।
শাকিল আহমেদ ও ফারজানা রুপা পৃথকভাবে মোট ১৩টি মামলায় জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে ফারজানা রুপার বিরুদ্ধে আটটি এবং শাকিল আহমেদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।
পরে ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। জানা যায়, সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সাবেক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। শাকিল ও রুপার জামিন আদেশও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আলোচনায় এসেছে।