কোরবানির ঈদকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে গড়ে ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। এ হিসেবে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ এই সুবিধার আওতায় আসবেন।
টিসিবি জানিয়েছে, ট্রাকসেলের মাধ্যমে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া টানা ১০ দিন এই কার্যক্রম চলবে দেশের বিভিন্ন এলাকায়। সাধারণ ভোক্তারাও সরাসরি এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
পণ্যের নির্ধারিত দামের মধ্যে রয়েছে, প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ১ কেজি চিনি ৮০ টাকায় এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে টিসিবির কার্ডধারী প্রায় ৭২ লাখ পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও চলমান থাকবে।
ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক পরিচালনা করা হবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।
কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আগারগাঁও এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হওয়ার কথা রয়েছে।