‘বিপদমুক্ত নৌ যাত্রা, জানমালের সুরক্ষা’ স্লোগান নিয়ে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষ (পাবক) কমার্শিয়াল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর জামাল চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়ার ইউএনও কাউছার হামিদ, নৌ পুলিশের ওসি নয়ন কারকুনি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, জেলে প্রতিনিধি মো. শাহজালাল, নৌযান মালিক সমিতির সহসভাপতি সিদ্দিকুর রহমান, নৌযান মালিক সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষ সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর আবদুল লতিফ, যুগ্মসচিব সদস্য (প্রশাসন ও অর্থ) হারুন অর রশিদ, পরিচালক প্রশাসন আব্দুল হাই মিল্টন, পরিচালক হিসাব মাহবুবুর রহমান, উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান, কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ। পায়রা বন্দরের কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সচেতনতামূলক নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ও পায়রা বন্দর কর্তৃপক্ষ এই আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেন, ‘ নৌ নিরাপত্তা শুধুমাত্র একটি প্রশাসনিক বিষয় নয়; এটি মানবজীবনের নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নৌ পথকে নিরাপদ রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।