রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান, গম, গরু, ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচা বেগম। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজিপাড়া গ্রামে এই অগ্নিকান্ডর ঘটনা ঘটে। ঘটনা জানার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ । তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, দরিদ্র কৃষক মামুন হোসেন নাটোরে শ্রমিকের কাজে রয়েছেন। বাড়িতে স্ত্রী ছিলেন। গোয়ালে থাকা গরু বিক্রি করে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। সারা বছরের খাবারের জন্য ঘরে মজুত করেছিলেন ২০ মন ধান ও ১৬ মন গম। কিন্তু চুলার আগুন মুহূর্তেই সব শেষ করে দেয়। আগুনে তিনটি বসতঘর, আসবাবপত্র, ধান, গমসহ গোয়ালে থাকা চারটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়েছে। এ সময় একটি গরুর আগুনে পুড়ে মারা গেছে। ঘরের মালামাল রক্ষার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হয়ে গৃহীনি এলিচা বেগম। গৃহীনি এলিচা বেগম বলেন, আগুন লাগার সময় বাড়িতে ছিলাম না। বড় ছেলে ইমন আলী কাজের সন্ধানে ঢাকা যাচ্ছিল। তাকে গাড়িতে তুলে দিতে হাব্বুরের মোড়ে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে লোকমুখে বাড়িতে আগুন লাগার খবর জানতে পারি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে সব পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন। বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে কম্বল ও নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।