কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবীর অভিযোগ

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৫:২৪ পিএম
কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবীর অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক জনতার কন্ঠ আইডির এক পোস্টে কমেন্ট করায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়ীতে হামলা ও ৫ লাখ চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ৯ মে বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামে ঘটেছে। প্রবাসী মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে স্থাণীয় সন্ত্রাসী মো. মনির হোসেন, মো. আসিফ ও মাহবুর হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরী করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল হোসেন সৌদী আরব ও মো. ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। বিগতকালে মো. মনির হোসেন প্রবাসী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাধ সৃষ্টি করে ইসমাইল হোসেনের নিকট থেকে নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। সিঙ্গাপুর প্রবাসী মো. ইব্রাহিম হোসেন সম্প্রতি ছুটিতে দেশে আসার পর থেকে স্থাণীয় সন্ত্রাসী মো. মনির হোসেন প্রবাসীর নিকট চাঁদাদাবী করে বলেন এলাকায় শান্তিতে থাকতে হলে মনির হোসেনকে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে। তারই জের ধরে গত ৯ মে সকালে যোগাযোগ মাধ্যম ফেসবুক জনতার কণ্ঠ আইডিতে মো. মনির হোসেনের ছবিসহ তাহার অনৈতিক কার্যকলাপের ইতিহাস তুলে ধরে। ইব্রাহিম হোসেন সহ আরো অনেক লোকজন উক্ত আইডিতে কমেন্ট করেন। ইব্রাহিম হোসেন ফেসবুক পোষ্টে কমেন্ট করায় দুপুর ২টার দিকে মো. মনির হোসেন, তার ছেলে মো. আসিফ ও মাহবুর হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী একটি অটোযোগে দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম এর বাড়ীর গেইটের বাহিরে দাড়িয়ে থাকে। পরে মনির হোসেনের প্ররোচনায় মাহবুর গেটে ভাংচুর করে এবং হাতে চাকু নিয়ে ইব্রাহিম হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া তাকে গেইটের বাহিরে আসতে বলে। এ সময় তার বৃদ্ধা মা লাইলী বেগম গেইটে তালা লাগাতে গেলে মনির হোসেনের নির্দেশে মাহবুর লাইলী বেগমের পেটে লাথি মারিয়া হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে পেটে পার দিলে কৌশলে সড়ে গিয়ে আত্নরক্ষা করেন। তখন মনির হোসেন প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, তার দাবীকৃত চাঁদার ৫ লাখ টাকা না দিলে প্রবাসী ইব্রাহিমসহ তার পরিবারের লোকজনদের জীবনে শেষ করিয়া দিবে। আত্নরক্ষায় ইব্রাহিম ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চান। দুপুর ৩টার দিকে কালীগঞ্জ থানার এস আই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ ও ভিডিও দেখে ইব্রাহিম হোসেনকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে ৯ মে রাতেই কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর থেকে সন্ত্রাসীরা ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ ঘুম করে ফেলার হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করায় ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের জান মালের নিরাপত্তা চেয়ে গত ১১ মে কালীগঞ্জ থানায় ৫৪৫ নং সাধারণ ডায়েরী করেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মনির হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন, ইব্রাহীম আমাদের নামে কালীগঞ্জ থানায় মামলা করেছে। আমরাও তার নামে বিভিন্ন থানায় মামলা করবো। তাকে বিদেশ যেতে দিব না। মোবাইল ফোনে মো. মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আপনার সাথে দেখা করে আরও বিস্তারিত বলব। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখেছি। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এস আই মো. হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে