মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করায়

বিএনপি নেতাকে সম্মাননা প্রদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ১২:০৫ পিএম
বিএনপি নেতাকে সম্মাননা প্রদান

মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করায় বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জামাল উদ্দিন ফকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন। একইসাথে মাদক নির্মূল কার্যক্রমকে আরো গতিশীল ও জনসম্পৃক্ত করতে ব্যতিক্রমী ও উৎসাহমূলক উদ্যোগ গ্রহন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত মাসিক সভায় জামাল উদ্দিন ফকিরকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম মাদক নির্মূল কার্যক্রমকে আরও কার্যকরী ও জনমুখী করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কারের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিএনপি নেতা জামাল উদ্দিন ফকির এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সভায় ইউএনও মো. ইব্রাহীম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে হবে, তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে