নাটোরের লালপুরে মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন র্যাবের একটি টিমের সদস্যরা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান সংলগ্ন এলাকায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই মো. পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি গোয়েন্দা দল সিভিল পোশাকে মাদক উদ্ধার সংক্রান্ত তথ্য সংগ্রহে যায়।
এ সময় নবীনগর গ্রামের মো. সোহাগ মাহমুদ (৩০)-এর নেতৃত্বে আনুমানিক ১৫ থেকে ২০ জন স্থানীয় ব্যক্তি র্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চান। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় প্রদান করে মোটরসাইকেলে স্থান ত্যাগের চেষ্টা করলে অভিযুক্তরা র্যাব সদস্যদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় কিছু ব্যক্তি পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে জানা যায়। ঘটনায় র্যাব সদস্য মো. শাহীন হোসেন (৩০) আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর সদস্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় নবীনগর গ্রামের বাসিন্দা সোহাগ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানায়, এঘটনায় লালপুর থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।