কক্সবাজারের উখিয়ায় গোলাপশা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া ছৈয়দ মিস্ত্রীর মেয়ে এবং রুমখাঁ পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামানো হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয় সূত্র জানায়, প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে কিশোরী মানসিক চাপে ছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে গোলাপশা বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। সেই ঘটনার পর থেকেই পরিবারে অস্থিরতা চলছিল বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বলেন, পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। গোলাপশা তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।