নাটোরের লালপুর উপজেলায় রেললাইনের পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুলপুর রেললাইন সংলগ্ন এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে ।
আব্দুলপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার আবু সাহলে জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে-তা তদন্ত করে দেখা হচ্ছে।মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।