রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৪ মে, ২০২৬, ০৩:১৫ পিএম | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৩:১৫ পিএম
রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন। ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ চললেও বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি রোগীর স্বজনদেরও ভোগান্তির মুখে পড়তে হতো। গত ২৬ এপ্রিল রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবির বিষয়টি তাঁর নজরে আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে বেঞ্চ স্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে এবং আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত এসব বেঞ্চ শিক্ষার্থীদের বিশ্রাম ও রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন স্থাপিত এই বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রামের পাশাপাশি হাসপাতালে আসা রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখছে। ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়নের পাশাপাশি এই বসার ব্যবস্থা প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দ্রুত এই পদক্ষেপ নেওয়ায় রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করায় প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছি।
আপনার জেলার সংবাদ পড়তে