দুই বন্ধু টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৮:২৪ পিএম
দুই বন্ধু টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী মোঃ নাঈম (১৬) ও তার অপর এক বন্ধু ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈম কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। সে ধীরাশ্রম এলাকায় তার খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। অপর নিহত অজ্ঞাতনামা কিশোর নাঈমের বন্ধু বলে ধারণা করছে পুলিশ। জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করার সময় দুই বন্ধু রেললাইনের পাশে অবস্থান করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাত ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয় নাঈম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাঈমের মরদেহ শনাক্ত করেন।
আপনার জেলার সংবাদ পড়তে