ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ মে, ২০২৬, ০৮:৪২ পিএম | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৮:৪২ পিএম
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আবারও উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। নগরবাসীর ভোগান্তি কমাতে সড়ক, রেল ও নগর ব্যবস্থাপনার সংশ্লিষ্টদের নিয়ে এ বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি।

সরকারের উচ্চপর্যায়ে ঢাকার যানজট নিরসন নিয়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে যানবাহনের চাপ, অপরিকল্পিত সড়ক ব্যবহার এবং সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থাপনার কারণে প্রতিদিনই নাগরিকদের দীর্ঘ সময় রাস্তায় কাটাতে হচ্ছে। এ বাস্তবতায় পরিবহন ও নগর ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। এর আগে অনুষ্ঠিত বৈঠকেও নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর বিষয়ে আলোচনা হয়েছিল।

সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজধানীর যানজট সমস্যা সমাধানে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, গণপরিবহন ব্যবস্থার সংস্কার, সড়কে শৃঙ্খলা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে