"দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি"- এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার প্রায় ১শ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের মিল কালেকশন এন্ড প্রডিউসার সার্ভিসের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এরিয়া ম্যানেজার মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার ও ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের লাইভ স্টোক ডা. মো. কবিরুল হক।
বক্তারা বলেন, ব্র্যাক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক ডেইরি নারী দুগ্ধ খামারীদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে । এতে নারী খামারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১টি করে মিল্ক নেট (দুধ ছাকনি) প্রদান করা হয়।