ঝোপঝাড়ে কান্না করছিল

কালিয়াকৈরে সদ্য প্রসুত মানব শিশু উদ্ধার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১১:৩৭ এএম
কালিয়াকৈরে সদ্য প্রসুত মানব শিশু উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজার ডেগ এলাকার ঝোপঝাড় থেকে সদ্য প্রসুত মানব শিশু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার (১৪ মে) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার খাজার ডেগ এলাকার ঝোপঝাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে এলাকার কয়েকজন নারী-পুরুষ হঠাৎ একটি মানবশিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তারা শব্দের উৎস খুঁজতে গিয়ে একটি ঝোপঝাড়ের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন।  প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, “আমরা প্রথমে শিশুর কান্নার শব্দ শুনে ভয় পেয়ে যাই। পরে কাছে গিয়ে দেখি একটি নবজাতক মাটিতে পড়ে আছে। এমন হৃদয়বিদারক ঘটনা আগে কখনো দেখিনি।” আরেক স্থানীয় নারী রহিমা বেগম বলেন, “কোন মা কীভাবে নিজের সন্তানকে এভাবে ফেলে যেতে পারে তা ভাবতেই কষ্ট হচ্ছে। শিশুটি খুব ছোট ছিল এবং ঠাণ্ডায় কাঁপছিল। আমরা দ্রুত তাকে কাপড় দিয়ে ঢেকে রাখি।” স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যার ব্যবস্থা করেন, পরে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করেন।  কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, লোকচক্ষুর অন্তরালে শিশুটিকে সেখানে রেখে যায়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটির প্রয়োজনীয় নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আব্দুল আলীম অভি কালিয়াকৈর মোবাইল: ০১৭১২৮৮৬২২৯
আপনার জেলার সংবাদ পড়তে