ফাঁকা কমলাপুর রেলস্টেশন, অনলাইন টিকেটে বদলে গেছে দৃশ্য

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৫ মে, ২০২৬, ১২:৪৭ পিএম | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১২:৩৯ পিএম
ফাঁকা কমলাপুর রেলস্টেশন, অনলাইন টিকেটে বদলে গেছে দৃশ্য

ঈদের অগ্রিম টিকিট বিক্রির সেই পরিচিত দৃশ্য এবার আর নেই কমলাপুর রেল স্টেশনে। টিকিট কাউন্টারগুলো পড়ে আছে ফাঁকা, যাত্রীদের ভোগান্তিময় অপেক্ষার ছবিও দেখা যায়নি।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের চিরচেনা ভিড় এবার যেন উধাও। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কারণে আজ শুক্রবার (১৫ মে) স্টেশনের কাউন্টারগুলো ফাঁকা। কোথাও দেখা যায়নি টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন কিংবা উপচে পড়া ভিড়। একই চিত্র বাস কাউন্টারগুলোতেও-চাপ কম, সহজেই মিলছে টিকিট।

ভোগান্তি কমানো এবং কালোবাজারি ঠেকাতে এবারও ঈদুল আজহার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

গত ১৩ মে থেকে শুরু হওয়া অনলাইন টিকিট বিক্রির কারণে স্টেশনমুখী হননি অধিকাংশ যাত্রী।

যদিও অনলাইনে টিকিট সংগ্রহে চলছে তীব্র প্রতিযোগিতা। রেলওয়ের দাবি, যাত্রী ভোগান্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতেই ডিজিটাল ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

অন্য দিকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূরপাল্লার বেসরকারি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৮ মে থেকে। ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট এখন সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামলাতে বাস ও ট্রেনে বিশেষ ট্রিপের ব্যবস্থাও রাখা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে