নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবিক এই উদ্ধার অভিযানে অংশ নেয় লালপুর ফায়ার সার্ভিস ও লালপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তিনি কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় থানা পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। কেউ তার পরিচয় জেনে থাকলে দ্রুত নিকটস্থ থানা বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় সচেতন মহল আহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।