ঈদকে ঘিরে জননিরাপত্তায় বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাব-৫

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৪:৪৪ পিএম
ঈদকে ঘিরে জননিরাপত্তায় বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাব-৫

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৫, রাজশাহী। রাজশাহী মহানগরীসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে বাড়ানো হয়েছে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় রাজশাহী সিটি হাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান, পিএসসি।

তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যেন ডাকাতি, ছিনতাই, চুরি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধের শিকার না হন, সেজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে র‌্যাব। পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সিটি হাটসহ বিভিন্ন পশুর হাটে ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকা লেনদেন ঠেকাতে বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি স্থাপন করা হয়েছে জাল টাকা শনাক্তকারী মেশিন। বর্তমান গরম আবহাওয়া ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় রেখে সিটি হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য র‌্যাব-৫ এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এছাড়া পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে র‌্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। গুজব শনাক্ত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক বলেন, “শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে