নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের রায়টা এলাকায় অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরএফএল ইটভাটার পাশ্ববর্তী কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে আরও জানায়, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।