অভয়নগরে চুরি হওয়া গরু দিঘলিয়া থেকে উদ্ধার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ১১:২৬ এএম
অভয়নগরে চুরি হওয়া গরু দিঘলিয়া থেকে উদ্ধার

যশোর জেলার অভয়নগর থানা এলাকা থেকে চুরি হওয়া গরু খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্ণীকাঠি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সাথে জড়িত কোনো চোরকে আটক করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার সময় দিঘলিয়া থানার কামারগাতী পুলিশ ক্যাম্প ইনচার্জ রিপন হালদার এসআই নিরস্ত্র এবং মোঃ রবিউল ইসলাম এএসআই নিরস্ত্র এবং সঙ্গীয় ফোর্স ও এলাকাবাসীর সহযোগিতায় দিঘলিয়া উপজেলার লক্ষ্ণীকাঠি গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে উক্ত গরুটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া এই গরুটির মালিক যশোর জেলার অভয়নগর থানার রামনগর গ্রামের আলতাফ মোল্লার ছেলে বাবুল মোল্লা।

পুলিশ সূত্রে জানা যায় অভয়নগর থেকে চুরি হওয়া গরুটি নদী পার করে বারাকপুর ইউনিয়নের লক্ষীকাঠি গ্রামের পাড়ে পৌঁছালে স্থানীয় জনগণ ও পুলিশ ধাওয়া দিলে চোর চক্র গরুটিকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বিধায় চোরদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চুরি হওয়া গরু উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে