আকস্মিক ঘূর্ণিঝড় কালবৈশাখীর প্রভাবে চাঁদপুর মেঘনা নদী তীরবর্তী হরিনা ফেরিঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৭ মে,২০২৬) সকাল ৯ টার সময় হঠাৎ দমকা বাতাস শুরু হয়। মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। ঘূর্ণিঝড় ও প্রচন্ড ঢেউয়ের তান্ডবে ফেরি পন্টুন সরে গিয়ে উপরে উঠে গেছে। শরিয়তপুর চর এলাকার একটি গরুবাহী ট্রলার চাঁদপুরের দিকে আসার পথে ডুবে গিয়ে এক কৃষকের চারটি গরুর মধ্যে একটি গরু মারা যায়। এছাড়া ফেরিঘাটে গাছপালা উপড়ে, কাঁচা ঘরবাড়ি ও দোকানের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে এসব তথ্য জানা যায়। সেখানকার বাসিন্দা খলিল শেখ (৩৫) জানায়,রাস্তার পাশে গাছ উপরে পড়ে তার দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ফেরি ঘাট ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে ফেরি ঘাটের একটি পন্টুন সংযুক্ত গ্যাংওয়ে নড়বড়ে হয়েছে। ২ ঘণ্টা চেষ্টার পর পন্টুনটি আগের অবস্থানে মেরামত করা হয়। প্রায় আধাঘণ্টা স্থায়ী ঝড় বৃষ্টিতে করিনা ফেরি ঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।