সাতক্ষীরা সীমান্তে

চামড়া পাচার ও পুশইন রোধে বিজিবির কড়া নজরদারি

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ২৭ মে, ২০২৬, ০৬:৩৪ পিএম | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৬:৩৪ পিএম
চামড়া পাচার ও পুশইন রোধে বিজিবির কড়া নজরদারি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতে পশুর চামড়া পাচার রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত একটি নির্দেশনার পর, সেখানে বসবাসরত কিছু লোককে পুশইন করার অপতৎপরতা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষকে জড়ো করা হয়। এই হাকিমপুর সীমান্তের বিপরীতেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত অবস্থিত।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশইন প্রতিহত করতে সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। গভীর রাতেও বিজিবির বিশেষ টহল অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশ কর্তৃক কোনো ধরনের পুশইনের চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, "আমরা গভীর রাতেও সতর্ক অবস্থানে আছি এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করেছি। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো পুশইন এবং কোরবানির চামড়া যাতে পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি জওয়ানরা সার্বক্ষণিক সর্তক অবস্থানে রয়েছেন।"

আপনার জেলার সংবাদ পড়তে