দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সীমান্তে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মে বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠপাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ জামিরুল প্রামানিক (৩৫), পিতা- মৃত আমিরুল প্রামানিক, গ্রাম- জামালপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ৩ বোতল মদ এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য(ঊনিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।