দিঘলিয়ায়

চাঁদা না দেয়ায় বসতবাড়িতে হামলা, লুটপাট, মারধরে আহত ৪

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৮ মে, ২০২৬, ০৬:০১ পিএম
চাঁদা না দেয়ায় বসতবাড়িতে হামলা, লুটপাট, মারধরে আহত ৪

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মৃত শুকুর আলীর পুত্র মোঃ আঃ রশীদ (৫৩)কে তার বাড়ি থেকে ধরে নিয়ে স্কুল মাঠের কোণে নিয়ে উলঙ্গ করে মারধর করেছে। এসময় তার স্ত্রী, পুত্র সেনা সদস্য রাসেল রাব্বি ও প্রতিবেশী মিজান মোড়ল ঠেকাতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে আগন্তক চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তদের হাতে। পরবর্তীতে আঃ রশীদের বসতবাড়িতে হামলা ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশের সূত্র থেকে জানা গেছে, গত বুধবার (২৭ মে) বিকাল ৪ টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) নিবাসী মৃত শুকুর আলীর পুত্র মোঃ আঃ রশিদ (৫৩), তার স্ত্রী, পুত্র (সেনা সদস্য) রাসেল রাব্বি ও প্রতিবেশী নিজাম মোড়লের পুত্র মিজান মোড়ল (৩৫)কে পিটিয়ে গুরুতর আহত এবং পরবর্তীতে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙ্গচুর ও লুটপাট চলায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর চন্দনীমহল (বোগদিয়া) নিবাসী মৃত নজীম মোল্যার পুত্র বেলায়েত মোল্যা(৪৬)  বেলায়েত মোল্যা পুত্র হৃদয় মোল্যা(২৩), রানা শেখ(২৭), মোন্তাজ মোল্যার পুত্র  ইরশাদ মোল্যা(৪০), হাসমত আলীর প্ত্রু হাসান আলী(৩০), মৃত সামাদ মোল্যার পুত্র মুনসুর মোল্যা (৫৫) সহ আরো ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, হাতুড়ি ও জিআই পাইপ নিয়ে মারধর ও রক্তাক্ত জখম, বসতবাড়িতে হামলা ভাঙ্গচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোঃ আঃ রশীদ দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে