জামালপুরের ইসলামপুরে ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে কোরবানির গরুর গোস্ত খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এ দুঘঘটনা ঘটে। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে।