গোপালগঞ্জ সড়কে পিরোজপুরের একই পরিবারের ৩ জনের প্রাণ গেল

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ০৩:০০ পিএম
গোপালগঞ্জ সড়কে পিরোজপুরের একই পরিবারের ৩ জনের প্রাণ গেল

কোরবানীর দিন গোপালগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ নিহতের পিরোজপুর জেলার একই পরিবারের তিন জনের প্রাণ গেল। ওই তিনজন হলেন জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের বাসিন্দা মো. সোহাগ (৩৭), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৪) ও ছেলে আরমান (৮)। অন্য দু’জন বাগেরহাট জেলা চিতলমারী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

দোলা পরিবহন নামের দূরপাল্লার একটি বাসের সাথে একটি মোটর বাইকের মুখোমুখী সংঘর্ষে ওই পাঁচ জন নিহত হয়। দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায়।  পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিহত  ৩ জনের বিষযয়টি নিশ্চিত করেছেন উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম। তিনি বলেন, নিহত সোহাগ, খাদিজা ও আরমান একই পরিবারের সদস্য। মর্মান্তিক  এ দুর্ঘটনায় কলারদোয়ানিয়া গ্রামের একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানিয়েছেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।