বরিশালে তিনদিন ধরে বিদ্যুত বিহীন ছয়টি ইউনিয়ন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ১১:৪৩ এএম
বরিশালে তিনদিন ধরে বিদ্যুত বিহীন ছয়টি ইউনিয়ন

বরিশালের মুলাদী উপজেলার ছয়টি ইউনিয়নে তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এসব ইউনিয়নের প্রায় দুই লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পরেছেন। বিশেষ করে পবিত্র ঈদ-উল আজহার দিনে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পরেছেন বিদ্যুত গ্রাহকরা।

ভূক্তভোগিরা জানিয়েছন, গত বুধবার সকাল নয়টা থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার সফিপুর, বাটামারা, নাজিরপুর, গাছুয়া, চরকালেখান ও মুলাদী সদর ইউনিয়নে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অনেকে বৃহস্পতিবার পশু কোরবানি করেননি। মাংস সংরক্ষণের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় ৫০ শতাংশ মানুষ আজ শনিবার পশু কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যুৎ-সরবরাহ না থাকায় উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান চলাচলও বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ পরিবহন সংকটের কারণে বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন। বরিশাল পল্লী বিদ্যুতের মুলাদী আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল নয়টার দিকে কালবৈশাখীর আশঙ্কায় বিদ্যুৎ-সরবরাহ বন্ধ করা হয়। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখীতে গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ায় এবং খুঁটি ও ইনস্যুেলটর ভেঙে পড়ায় বিদ্যুৎ-সঞ্চালন লাইনে বিপর্যয় হয়েছে।

মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দীন বলেন, গত বুধবার সকাল নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর ৪৮ ঘণ্টার বেশি সময় পার হলেও বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। বারবার বিদ্যুৎ কর্তৃপক্ষকে ফোন দিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কবে বিদ্যুৎ পাওয়া যাবে তারও নিশ্চয়তা নেই। মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের বাসিন্দা মতিউর রহমান বেপারী বলেন, কোরবানির মাংস সংরক্ষণের বিকল্প ব্যবস্থা না থাকায় ৫০ শতাংশের বেশি মানুষ বৃহস্পতিবার পশু কোরবানি করেনি। বিদ্যুৎ নিয়ে শঙ্কার মধ্যে অনেকে শুক্রবার আবার অধিকাংশরা আজ শনিবার সকালে কোরবানির পশু জবাই করার কথা জানিয়েছেন। হিজলা উপজেলার নরসিংহপুর গ্রামের বাসিন্দা আল মামুন হাওলাদার বলেন, বুধবারের ঝড়ে বিদ্যুৎ লাইনের অনেক ক্ষতি হয়েছে। অনেক এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে ভাঙা গাছপালা অপসারণ করেছে। এরপরেও শুক্রবার পর্যন্ত উপজেলার কোথাও বিদ্যুৎ পাওয়া যায়নি। ফ্রিজ চালু করতে না পারায় বেশির ভাগ মানুষ পশু কোরবানির জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেছিল। হিজলার বড়জালিয়া গ্রামের বাসিন্দা মাছুম বিল্লাহ বলেন, ঝড়ে বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা ভেঙে পড়তে পারে। সেগুলো অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো অতিরিক্ত শ্রমিক নিয়োগ না করে ধীরগতিতে কাজ করছে। এতে গ্রাহকদের বিদ্যুৎ পেতে সময় লাগছে।

মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তারেকুল ইসলাম জানান, বুধবার কালবৈশাখীতে অনেক এলাকায় গাছপালা ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় গাছপালা অপসারণ ও বিদ্যুৎ লাইন সংস্কারে বিলম্ব হচ্ছে। ৩৩ কেভি লাইন সংস্কার করে মুলাদী উপজেলা সদরসহ পৌরসভার চারটি ওয়ার্ড এবং কাজিরচর ইউনিয়নে সীমিত পরিসরে বিদ্যুৎ চালু করা হয়েছে। অন্যান্য এলাকায় বিদ্যুৎ-সরবরাহের চেষ্টা চলছে। মুলাদী পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে মুলাদী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পল্লী বিদ্যুতের কর্মীরা দিন-রাত কাজ করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে