সড়ক দুর্ঘটনায় নিহত সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম নাসিরউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও সীতাকুণ্ডের গণমানুষের নেতা লায়ন আলহাজ্ব আসলাম চৌধুরী এফসিএ। ঈদের আনন্দঘন মুহূর্তেও একজন তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়ানোয় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে সলিমপুর ইউনিয়নের নিজ বাড়িতে গিয়ে এমপি আসলাম চৌধুরী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। এসময় শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, নাসিরউদ্দিন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মী। দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত সংগঠককে হারালাম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা জানান, নাসিরউদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তরুণ কর্মীদের সংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, সলিমপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল হাসান, সিনিয়র বিএনপি নেতা আবুল হাশেম, পিএস মঞ্জুরুল আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর, যুবদল নেতা বাদল, রাসেল, তানভীর রানা, জাবেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মাঝেও একজন কর্মীর পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানানো এমপি আসলাম চৌধুরীর মানবিক নেতৃত্বেরই বহিঃপ্রকাশ। তাঁর এই সহমর্মিতাপূর্ণ উপস্থিতি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।