কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০১:৫১ পিএম
কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১

নেত্রকোনার কলমাকান্দায়  মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে চা পান করতে যান। চা খাওয়া শেষে রাত আনুমানিক ১টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে একটি মোটরসাইকেল চান্দুয়াইল এলাকায় পৌঁছালে পিছনের মোটরসাইকেলটি দেখতে না পেয়ে তারা উল্টো পথে খোঁজ করতে যান। পরে গজারমারি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে খাদে তিন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।  স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪) এবং একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান (২০)-কে মৃত ঘোষণা করেন।

এদিকে গুরুতর আহত ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে বিল্লাল (১৮)-কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাশেম জানান, নিহত দুই যুবকের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিনা ময়নাতদন্তে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে