পিরোজপুরে না না আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে কুরআন খতম, শোক র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতি মন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এমপি বলেন, মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রদর্শিত পথ, দর্শন ও কর্মসূচি দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ। বলেন, শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও কর্মসূচীর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহতকরণের দায়িত্ব আমাদেরকে সুচারুরূপে পালন করতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিপি আবুল কালাম আকন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ প্রমুখ।