কাপাসিয়ায় হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ১০:৫৬ পিএম
কাপাসিয়ায় হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আজগর হোসেন শুভ্র (২২) নামের উত্তরা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ মে (শুক্রবার) উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শুভ্র ওই গ্রামের আসকর আলীর ছেলে। স্বজনরা জানায়, ঈদের পরদিন বিকালে শুভ্র বাড়ির পাশে খালার বাড়িতে একটি পুকুরে ভাসমান রাজ হাঁসের বাচ্চা ধরার উদ্দেশ্যে পানিতে নামেন। পুকুরটি আনুমানিক ১৫ ফুট গভীর ছিল। সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করার একপর্যায়ে সে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। শুভ্রকে পানিতে ডুবে যেতে দেখে পাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজি করার পর তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। ‎ ‎উদ্ধারের পরপরই তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শুভ্রকে মৃত ঘোষণা করেন। ‎ ‎এই আকস্মিক ও অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, সহপাঠী এবং পুরো কাশেরা গ্রাম জুড়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ‎কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমরা একটি অপমৃত্যুর সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।"
আপনার জেলার সংবাদ পড়তে