কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগে মো. কবির মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নৌ-বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত কবির মিয়া উপজেলার উত্তর রমনা বাধের মোড় এলাকার মো. নুর বক্তার ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার চর ঘুঘুমারি এলাকার বাসিন্দা মো. নুরন্নবী মিয়া স্ত্রী ও আট মাস বয়সী সন্তানকে নিয়ে সৈয়দপুরে আত্মীয়ের বাড়ি থেকে নিজ এলাকায় ফিরছিলেন। যাত্রাপথে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা রমনা ফেরিঘাট এলাকায় পৌঁছান। রাত হয়ে যাওয়ায় এবং নদীতে নৌকা চলাচল বন্ধ থাকায় তারা ২০০ টাকা ভাড়ায় হোটেল কলি’র একটি কক্ষ ভাড়া নেন।
অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ৮টার দিকে নুরন্নবী মিয়া খাবার কিনতে বাইরে গেলে ওই সুযোগে হোটেল মালিক কবির মিয়া কক্ষে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী কান্নায় ভেঙে পড়ে ঘটনাটি জানান। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপনসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি পরদিন শুক্রবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
এর আগে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ঘটনার পর আত্মগোপনে থাকা অভিযুক্ত কবির মিয়াকেও শুক্রবার রাতে গ্রেফতার করে। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।