কোরবানিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিলেই তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ অন্য রাজনৈতিক দলের নেতাদের ব্যাপক কোরবানি নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা দেখা যায় না। শনিবার (৩০ মে) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, সারা দেশে জামায়াতে ইসলামী ও এনসিপি বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করেছেন। বিএনপি সরকারের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ছয়টি গরু কোরবানি দেওয়ায় সংবাদ সম্মেলন করে প্রশ্ন তোলা হচ্ছে তিনি এত অর্থ কোথায় পেলেন। কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতারা আরও বেশি সংখ্যক গরু কোরবানি দিলেও তা নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না।
তিনি আরও বলেন, কোরবানি একটি ধর্মীয় ইবাদত। এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে মানুষের মনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। যারা কোরবানি নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তাদের নৈতিক অবস্থান নিয়ে জনগণের ভাবার সময় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, আমি কী বলেছি বা বলিনি, তা বিকৃত করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে মিথ্যা তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি দাবি করেন, জামায়াত এবং এনসিপি পরিকল্পিতভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে জনগণ এসব অপপ্রচার সম্পর্কে সচেতন এবং সত্য-মিথ্যা যাচাই করতে সক্ষম বলেও মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ, সাবেক ছাত্র নেতা লুৎফর রহমান লেন্টু, ইসরাইল হোসেন জীবন, বিএনপি নেতা শামসুর রহমান, তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।