বিদায়ী ইউএনও’র ঈদগাহ মাঠ পরিদর্শন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:২০ এএম
বিদায়ী ইউএনও’র ঈদগাহ মাঠ পরিদর্শন

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক চেংগুটিয়া বাজার ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে তিনি ঈদগাহ মাঠের চলমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহা। পরিদর্শনকালে ইউএনও ঈদগাহ মাঠের ঢালাই, বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ও বৃক্ষসংরক্ষণ কার্যক্রম দেখেন। কাজের গুণগতমান ও পাঠাগার নির্মাণসহ সার্বিক পরিকল্পনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘একঝাঁক মানবিক মানুষ’-এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবী সাইদুল ইসলাম, আহাদ তালুকদার, আনিচ তালুকদার, হায়দার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ইউএনও উপস্থিত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। কাজের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কাজে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

ঈদগাহ সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ মাজারুল ইসলাম রুবেল বলেন, “একজন বিদায়ী প্রশাসকের এভাবে এসে কাজ দেখে যাওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা। ধর্মপ্রাণ মুসল্লিদের অনুদান, স্বেচ্ছাসেবীদের শ্রম আর প্রশাসনের সহযোগিতায় মাঠটি এখন দৃশ্যমান হচ্ছে।”

বিদায়ী ইউএনও বলেন, “চেংগুটিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ একটি মডেল। স্থানীয়দের অংশগ্রহণে কাজের মান নিশ্চিত হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমি আশা করি, আগামীদিনে মুসল্লিরা একটি মনোরম পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।”

স্থানীয়রা মনে করছেন, একজন প্রশাসকের এ ধরনের আন্তরিক তদারকি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে।

আপনার জেলার সংবাদ পড়তে