ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী এমএ সায়েম প্রিয়ন্ত। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণিতে (ইংরেজি ভার্সন) অধ্যায়নরত। শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন অ্যান্ড বিজনেস ড. অ্যন্ডি হাদিয়ান্তো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। এর আগে বৃহস্পতি ও শুক্রবার ১৭ দেশের ৪৭০টি দলের দুই দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে শীর্ষে অবস্থানকারী বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়।
প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক। মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই শিক্ষক দম্পতি সন্তানের সাফল্যে আনন্দিত ও উদ্ভাসিত। তারা সন্তানের জন্য দোয়া চেয়েছেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল তাদের স্কুলের শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তারা জানান, কেএফটি কলেজিয়েট স্কুল উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ সবধরনের সহায়তা করে থাকে। প্রিয়ন্তের স্কুল কর্তৃপক্ষ গর্বিত। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণ অব্যাহত থাকবে।